নুর আলাম বিপ্লব:
পবিত্র মাহে রমজানের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বাদ আসর কবিরহাট উপজেলার তেঁতুলতলা এলাকার শিরীন গার্ডেনের সোহাগ হলে এই ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. ইসমাইল হোসেন মানিক, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন ও উপজেলা জামায়াতের সাবেক আমির মো. ইলিয়াস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমজানে আমরা সবাই মুসলিম, কোনো ভেদাভেদ নেই। কোনো দল নয়, কোনো শ্রেণীগত বিভাজন নয়, সকল মানুষকে নিয়ে একত্রিত হয়ে ইফতার করাটাই মূল উদ্দেশ্য।
তাই ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষ ও বিশেষ ব্যক্তিদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে করে একে অপরের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা বৃদ্ধি পায়।
সব মিলিয়ে আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই মুসলিম। যদিও দুনিয়ায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে আমরা আছি, কিন্তু মূলত আমরা সবাই এক দল—সেটি হলো ইসলাম ধর্ম। ভবিষ্যতেও এভাবে একসঙ্গে মিলেমিশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
পরিশেষে মুসলিম উম্মাহ ও মানবজাতির কল্যাণ এবং দেশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

