২৮ এপ্রিল, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে মায়ের সামনে ছেলের মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে মায়ের সামনে ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:
​নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে মো. আরাফাত হোসেন (২০) নামে এক তরুণ ব্যবসায়ীর মায়ের সামনে মৃত্যু হয়েছে।

​সোমবার (২৭ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গামছাখালী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত আরাফাত ওই গ্রামের মৃত আফছার উদ্দিনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আরাফাত স্থানীয় খাসেরহাট বাজারের একজন কসমেটিক ব্যবসায়ী ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি পরিবারের কৃষি কাজেও সহায়তা করতেন।

সোমবার দুপুরে তিনি তার মা শায়েলা আক্তারের সঙ্গে বাড়ির পাশের খেত থেকে বাদাম সংগ্রহ করতে যান। বাদাম তুলে বাড়ী ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে মায়ের সামনেই ঘটনাস্থলে আরাফাতের মৃত্যু হয়। 

ছেলের এই অবস্থায় মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

​চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রাশেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান "খেত থেকে বাদাম নিয়ে মা ও ছেলে বাড়ি ফিরছিলেন। মা সামনে ছিলেন আর ছেলে পেছনে। হঠাৎ বজ্রপাতে মায়ের চোখের সামনেই ছেলেটি প্রাণ হারায়। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।"

​হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।