২৮ এপ্রিল, ২০২৬

নোয়াখালীতে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

নোয়াখালীতে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি:
​নোয়াখালী সদর উপজেলায় অনুমোদনহীন ও অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করার দায়ে দুটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

​সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।

​অভিযান সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই উপজেলার চরমটুয়া ইউনিয়নের নেয়াজের ডগি ও মমতাপুর এলাকায় 'মালেক ব্রিকস' নামে দুটি ইটভাটা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল। 

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পৃথক দুটি মামলায় প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহযোগিতা করে নোয়াখালী পরিবেশ অধিদপ্তর।

​সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম বলেন, "অভিযানে দুটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"