২৬ এপ্রিল, ২০২৬

নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সুবর্ণচর প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। তারা কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু দুটি তাদের নানার বাড়িতে বাবা-মায়ের সাথে থাকতো। মাদরাসা বন্ধ থাকায় সকালে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় তারা। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে প্রথমে এক বোনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে জাল ফেলে আরেক বোনের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, নিহতের স্বজনরা থানায় এসেছিলেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।