২৪ এপ্রিল, ২০২৬

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা: নিহত ২, আহত ১

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা: নিহত ২, আহত ১

নিজস্ব প্রতিনিধি:
​নোয়াখালীর সেনবাগ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যানের পেছনে গাছের চারা বোঝাই ট্রাকের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।

​আজ শুক্রবার ভোরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল।

​নিহতরা হলেন—নার্সারি ব্যবসায়ী আল আমিন (৫৫) ও ট্রাকচালক ফয়সাল (৩৫)। তাঁদের উভয়ের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অলংকারকাঠি গ্রামে।
​আহত ব্যক্তিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

​পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অলংকারকাঠি গ্রামের আল আমিন দীর্ঘ বছর ধরে নোয়াখালীর বিভিন্ন নার্সারিতে গাছের চারা সরবরাহ করে আসছিলেন।

শুক্রবার ভোরে ট্রাকযোগে চারা নিয়ে তিনি নোয়াখালী জেলা শহর মাইজদীতে যাচ্ছিলেন। পথে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় শাহ্ সিমেন্টের একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আল আমিন ও চালক ফয়সাল প্রাণ হারান।

​এ সময় ট্রাকের সামনের আসনে বসা অপর এক যাত্রী গুরুতর আহত হন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

​চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মিল্টন মন্ডল বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।