কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী আবু নাছের শামীমকে (৫০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় (স্থানীয় সময়) জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গনু সারেং বাড়ির মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।
নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস জানান, তার বাবা ২০০৭ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। চার বছর আগে দেশে এসে পুনরায় সেখানে ফিরে গিয়ে নতুন করে ব্যবসা শুরু করেন। বর্তমানে সেখানে তার ৪-৫টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল।
পারিবারিক সূত্রে অভিযোগ করা হয়েছে, কিছুদিন আগে একটি বড় দোকান বিক্রি নিয়ে শামীমের সঙ্গে নোয়াখালীর এক ব্যবসায়িক অংশীদারের বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে তাদের মধ্যে পুনরায় মনোমালিন্য দেখা দেয়। দোকানটি বড় হওয়ায় ক্রেতা পেতে সমস্যা হচ্ছিল। নিরাপত্তাজনিত কারণে শামীম তার দোকানে বুলেটপ্রুফ গ্লাস স্থাপন এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছিলেন। ঘটনার দিন বিকেলে তিনি দোকানের সামনে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর ৬-৭ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।