২১ এপ্রিল, ২০২৬

নোয়াখালীতে কারাগার থেকে একজন শিক্ষার্থী সহ অংশ নিয়েছেন সাড়ে ৩৫ হাজার শিক্ষার্থী

নোয়াখালীতে কারাগার থেকে একজন শিক্ষার্থী সহ অংশ নিয়েছেন সাড়ে ৩৫ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীতে সকাল ১০টা থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। এই পরীক্ষায় ব্যতিক্রমীভাবে অংশ নিচ্ছে নোয়াখালীর এক কিশোর শিক্ষার্থী। কারাগারের ভেতর থেকে পরীক্ষা দিচ্ছে এই শিক্ষার্থী। ​

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে নোয়াখালীতে ৭৫টি কেন্দ্রে মোট ৩৫ হাজার ৫শ ১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা মাহবুব এলাহী রাজিন (১৫) বর্তমানে একটি হত্যা মামলার আসামি হিসেবে নোয়াখালী জেলা কারাগারে বন্দি রয়েছে। আদালতের বিশেষ অনুমতিতে সে কারাগার থেকেই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

জানা গেছে, মাহবুব নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের পরীক্ষার্থী শিক্ষার্থী। বর্তমানে তার পরীক্ষা কেন্দ্র নোয়াখালী জিলা স্কুল। কারাগারের অভ্যন্তরে বিশেষ ব্যবস্থার মাধ্যমে জিলা স্কুল কেন্দ্রের তত্ত্বাবধানে তার পরীক্ষা নেওয়া হচ্ছে।

নোয়াখালী জেলা কারাগারের জেলার আবু মুছা বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা শিক্ষা বোর্ডের বিধিমালা অনুসরণ করে তার পরীক্ষা নেওয়া হচ্ছে। বাকি পরীক্ষাগুলোও একইভাবে কারাগার কেন্দ্রেই অনুষ্ঠিত হবে।

​জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, ৪৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৫ হাজার ১শ ৭ জন, ২২টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ৮ হাজার ৬শ ৭১ জন এবং ১০টি কেন্দ্রে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ হাজার ৭শ ২৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করছে।