মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান ও মানসিক প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ইউনিয়নের ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় তিন শতাধিক পরীক্ষার্থীর হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। উপকরণের মধ্যে ছিল ফাইল, কলম, স্কেল ও পরীক্ষার রুটিন।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন—চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হৃদয়, সাবেক সদস্য মেহেদী হাসান, ছাত্রদল নেতা কামরুল হাসান সজিব, শাহিদুর রহমান হেলাল, ৬ নং ওয়ার্ড সভাপতি শাহ ইফতেখার বাবু এবং ছাত্রদল নেতা আরিফুর রহমান আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং পড়াশোনায় উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানায়, এ ধরনের সহায়তা তাদের পরীক্ষার প্রস্তুতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে তারা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করে।
স্থানীয় শিক্ষানুরাগীদের মতে, সামাজিক ও শিক্ষামূলক এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে।