১৭ এপ্রিল, ২০২৬

২ বছর পেরিয়ে ৩ বছরে পদার্পণ: মানবতার সেবায় অনন্য 'সেবার আলো ফাউন্ডেশন'

২ বছর পেরিয়ে ৩ বছরে পদার্পণ: মানবতার সেবায় অনন্য 'সেবার আলো ফাউন্ডেশন'

নুর আলম বিপ্লব:
নোয়াখালীর অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “সেবার আলো ফাউন্ডেশন” সফলতার সাথে ২ বছর পূর্ণ করে ৩য় বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি ইতোমধ্যে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে।

মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা সেবার আলো ফাউন্ডেশন আজ দুই বছর পূর্ণ করলো। ৩য় বছরে পদার্পণ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, "অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। গত দুই বছরে আমরা গৃহহীনদের ঘর নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি, হুইলচেয়ার প্রদান, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ এবং যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রতিটি উদ্যোগেই আমাদের প্রধান চালিকাশক্তি ছিল মানুষের প্রতি ভালোবাসা।"

সংগঠনটি গত দুই বছরে শীতবস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং অসুস্থ রোগীদের চিকিৎসাসেবা প্রদানেও বিশেষ ভূমিকা রেখেছে।

‘দায়িত্ববোধ ও সহমর্মিতা, মানব সেবায় নিয়োজিত মন; আত্মতৃপ্তি সারাক্ষণ’—এই অঙ্গীকার নিয়ে সংগঠনটি আগামীতে আরও সুদূরপ্রসারী কাজ করতে চায়। নেতৃবৃন্দ আরও বলেন, "আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য বড় পরিসরে কাজ করতে এবং একটি বৈষম্যহীন সমাজ গড়তে।"

স্থানীয়রা জানান, তরুণদের নিয়ে গড়ে ওঠা এই সংগঠনটি ইতোমধ্যে তাদের মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আগামী দিনগুলোতেও সেবার আলো ফাউন্ডেশন তাদের কার্যক্রম আরও বিস্তৃত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

মানবতার আলো ছড়িয়ে দিয়ে এভাবেই এগিয়ে যাক সেবার আলো ফাউন্ডেশন—এমনটাই প্রত্যাশা সকলের।