সেনবাগ প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে প্রতিটি ভাটাকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।
জরিমানাকৃত ইটভাটা তিনটি হলো— উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের পূর্বালী ব্রিকস, একই ইউনিয়নের ফতেপুর গ্রামের মেঘনা ব্রিকস এবং মোহাম্মদপুর ইউনিয়নের মদিনা ব্রিকস।
অভিযান চলাকালে কেবল জরিমানাই নয়, ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ভাটার আগুন নেভানো হয় এবং ভেকু মেশিন দিয়ে ইটভাটাগুলোর বিভিন্ন অংশ গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, এই তিনটি ইটভাটা পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কোনো প্রকার অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।