১৬ এপ্রিল, ২০২৬

কোম্পানীগঞ্জে আউশ ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

কোম্পানীগঞ্জে আউশ ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের সহায়তায় প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আউশ মৌসুমে উপজেলার মোট ২ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এই প্রণোদনা সহায়তা প্রদান করা হবে।

এর আওতায় প্রত্যেক কৃষককে এক বিঘা জমি আবাদ উপযোগী করে তুলতে ৫ কেজি উচ্চফলনশীল (HYV) আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।

কৃষি কর্মকর্তারা জানান, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শুধু উপকরণ বিতরণেই সীমাবদ্ধ না থেকে মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে। উপসহকারী কৃষি কর্মকর্তারা সরাসরি কৃষকদের সাথে সমন্বয় করে আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে পরামর্শ দেবেন, যাতে সঠিকভাবে বীজ ও সারের ব্যবহার নিশ্চিত হয় এবং কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মুহা. বেলাল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোরঞ্জন রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষক প্রতিনিধি। এছাড়া উপজেলা যুবদল ও কৃষক দলের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সরকারের এই ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়ক হচ্ছে। তারা কৃষকদের যথাযথভাবে এই সহায়তা কাজে লাগিয়ে আউশ ধানের আবাদ বাড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, পর্যায়ক্রমে উপজেলার দূরবর্তী ইউনিয়নগুলোতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হবে।