১৫ এপ্রিল, ২০২৬

আন্ডারচরে বিএনপি নেতার বিরুদ্ধে ২২০০ লিটার ডিজেল লুটের অভিযোগ

আন্ডারচরে বিএনপি নেতার বিরুদ্ধে ২২০০ লিটার ডিজেল লুটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে ২২০০ লিটার ডিজেল লুটের অভিযোগ উঠেছে। লুট হওয়া তেলের বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. নিজাম উদ্দিন চৌধুরী (৪৫) আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পশ্চিম মাইজচরা গ্রামের চৌধুরী মেম্বারের ছেলে।

ভুক্তভোগী ট্রলার মালিক মো. সিরাজ মাঝি অভিযোগ করে বলেন, চট্টগ্রামে সাগরে মাছ ধরায় প্রশাসনের নিষেধাজ্ঞা জারির পর তাদের পাঁচটি ট্রলার লক্ষ্মীপুরের রামগতিতে স্থানান্তর করা হয়। এসব ট্রলারের জ্বালানির জন্য চট্টগ্রামের একটি ডিপো থেকে ২২০০ লিটার ডিজেল সংগ্রহ করা হয়েছিল।

মঙ্গলবার গভীর রাতে তেলবাহী পিকআপটি আন্ডারচর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে নিজাম ও তার সহযোগীরা গতিরোধ করে। একপর্যায়ে পিকআপ ভ্যানের চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িসহ ডিজেল লুট করে নিয়ে যায়। পরদিন বুধবার সকালে চৌধুরী বাজার সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপটি উদ্ধার করা হয়।

সিরাজ মাঝির দাবি, অভিযুক্ত নিজাম উদ্দিন বর্তমানে তেল ফেরত দেওয়ার বিনিময়ে ১ লাখ টাকা দাবি করছেন। এছাড়া লুটের সময় চালকের কাছ থেকে নগদ ১ লাখ টাকা এবং একটি মেশিনের কুলার ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন চৌধুরী বলেন, "আমি বা আমার পরিবারের কেউ এই কাজের সাথে জড়িত নই। কারা তেল লুট করেছে তা সিরাজ মাঝি ভালো করেই জানেন।"

নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, "ভুক্তভোগী মৌখিকভাবে বিষয়টি অবহিত করেছেন। তিনি নিজেই তেল উদ্ধার করবেন বলে আমাকে জানিয়েছেন। যদি তিনি ব্যর্থ হন, তবে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।"