নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের ত্রাস এবং ১৯টি মামলার দুর্ধর্ষ আসামি রফিকুল ইসলাম মাসুদ ওরফে ডাকাত মাইস্যা (৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় থানা প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রংমালা বাজারে একটি বিশেষ অভিযান চালানো হয়। কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে এই অভিযানে পুলিশের একটি চৌকস দল অংশ নেয় এবং চিহ্নিত এই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম মাসুদ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত জামাল উদ্দিনের ছেলে।
তার বিরুদ্ধে খুন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র মামলা, ধর্ষণ এবং চাঁদাবাজিসহ মোট ১৯টি মামলা রয়েছে। একাধিক মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
পুলিশের ভাষ্যমতে, অন্য একটি মামলার আসামির দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতেও এই মাইস্যা ডাকাতের সরাসরি সম্পৃক্ততার কথা উঠে এসেছে।
নোয়াখালীরকোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার জানান, "ডাকাত মাইস্যা এই অঞ্চলের ত্রাস ছিল। সে কোম্পানীগঞ্জ থানার একাধিক ডাকাতি মামলার সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণ রয়েছে।"
গ্রেপ্তারের পর গত শনিবার বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
"এলাকায় শান্তি বজায় রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।" — থানা প্রশাসন