১১ এপ্রিল, ২০২৬

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭টি দোকান

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭টি দোকান

নিজস্ব প্রতিনিধি:
​নোয়াখালীর সোনাইমুড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার বজরা বাজারে এই দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

​স্থানীয় সূত্রে জানা যায়, বজরা বাজারের রহমত উল্লাহর ফার্নিচারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ৫টি ফার্নিচারের দোকান ও ১টি ওষুধের দোকানসহ মোট ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত পৌনে ৩টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
​
​ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। দোকানের মালামাল হারিয়ে ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। তাদের ভাষ্যমতে, এই দোকানগুলোই ছিল তাদের উপার্জনের একমাত্র অবলম্বন।

​সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান
​"প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো সম্ভব হবে।"