৭ এপ্রিল, ২০২৬

হাতিয়ায় তরমুজ খেতে নিয়ে গণধর্ষণ, পলাতক আসামি রিয়াজ চট্টগ্রামে গ্রেপ্তার

হাতিয়ায় তরমুজ খেতে নিয়ে গণধর্ষণ, পলাতক আসামি রিয়াজ চট্টগ্রামে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:
​নোয়াখালীর হাতিয়া থানায় দায়ের করা একটি চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. ফয়সাল ওরফে রিয়াজকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​সোমবার (৬ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। 

এর আগে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‍্যাব-১১ (নোয়াখালী) এবং র‍্যাব-৭ (চট্টগ্রাম)-এর একটি যৌথ আভিযানিক দল চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ফেস্টিভ্যাল জোন কমিউনিটি সেন্টারের সামনে থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা গেছে গত ১০ মার্চ ২০২৬, ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি তরমুজ খেতের টং ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন মিলে তাকে গণধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে হাতিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল।

​র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

​অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।