নিজস্ব প্রতিনিধি:
বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, ছয়ানী এলাকায় মাদক ব্যবসা, দখলদারি, টেম্পু স্ট্যান্ড দখলসহ নানা অসামাজিক কার্যকলাপ চলে।
তিনি বিএনপির তারেক রহমানের ঘোষণার কথা উল্লেখ করে বলেন, কোনো দখলদার, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বিএনপি করার অধিকার রাখে না।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ছয়ানী দোয়ালিয়া-দেবীপুর এলাকায় ১.১ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা পাওয়ার দুই দিনের মধ্যেই ২০ হাজার বর্গকিলোমিটার খাল খনন ও ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দেন। তার সেই কর্মসূচির অংশ হিসেবে এ খাল খনন করা হচ্ছে। এতে এলাকার মানুষ উপকৃত হবে, পানির ব্যবস্থা হবে, কৃষি ও মাছ উৎপাদন বাড়বে এবং খালের পাড়ে বনায়ন হবে।
বরকত উল্লাহ বুলু সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশংসা করে বলেন, তিনি বিনা শ্রমে খাল খনন করেছেন এবং লাখ লাখ মানুষকে উদ্বুদ্ধ করেছেন। তারেক রহমানও খাল খননে অংশ নিয়েছেন। তিনি দাবি করেন, বিগত ১৭ বছরের ভুল আগামী দিনে আর হবে না এবং কোনো প্রকার অনিয়ম হবে না বলে নিশ্চয়তা দেন।
তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরাসরি তত্ত্বাবধানে চলা এই প্রকল্পের মূল লক্ষ্য এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস.এম. রেফাত জামিল, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাঙ্কা চন্দ্র দাশ, নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বরিউল হাসান পলাশ প্রমুখ।