৩ এপ্রিল, ২০২৬

সুবর্ণচরে বাড়ির ছাদের পানির ট্যাংকে মিলল ৭৫০ লিটার ডিজেল

সুবর্ণচরে বাড়ির ছাদের পানির ট্যাংকে মিলল ৭৫০ লিটার ডিজেল

সুবর্ণচর প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে বসির সারেং নামে এক ব্যক্তির বসতবাড়ির ছাদের পানির ট্যাংক থেকে অবৈধভাবে মজুত করা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।

​শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন বিশ্বাস এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অবৈধভাবে তেল মজুত রাখায় অভিযুক্ত বসির সারেং চরজব্বর ইউনিয়নের মৃত নাসির আহমেদের ছেলে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাট এলাকার বসির সারেংয়ের বাড়ির ছাদে পানির ট্যাংকে দীর্ঘদিন ধরে এই জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছিল। সাধারণ পানির ট্যাংকে পানির বদলে তেলের উপস্থিতি দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মজুতকৃত ৭৫০ লিটার ডিজেল জব্দপূর্বক বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত তেল চর হাসান ভূঁইয়ার হাট বাজারের লাইসেন্সপ্রাপ্ত এক ব্যবসায়ীর নিকট ডিপো রেটে স্পট নিলামে বিক্রি করে দেওয়া হয়।

​অভিযানে বাড়ির ছাদের পানির ট্যাংকে অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অভিযুক্ত বসির সারেংকে ১০ হাজার টাকা জরিমানা এবং একই সঙ্গে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিরাপদ জ্বালানি মজুত ও বিক্রয় নীতিমালা লঙ্ঘন করে জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিযুক্ত ব্যক্তি কোনো প্রকার বৈধ লাইসেন্স ছাড়াই অবৈধ বিক্রয় বা কালোবাজারির উদ্দেশ্যে এই তেল সংগ্রহ করেছিলেন।