২ এপ্রিল, ২০২৬

কোম্পানীগঞ্জে তীব্র গ্যাস সংকট, দুর্ভোগে জনজীবন

কোম্পানীগঞ্জে তীব্র গ্যাস সংকট, দুর্ভোগে জনজীবন

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তীব্র গ্যাস সংকটের কারণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলায় অধিকাংশ বাসাবাড়িতে চুলা জ্বলছে না, আবার রাতেও পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় অনেক পরিবারকে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে রান্না করতে হচ্ছে।

সরেজমিনে জানা গেছে, প্রতিদিন রাত ১০টা থেকে ১১টার মধ্যে অনেক এলাকায় গ্যাসের সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর অনেক স্থানে চুলা নিভু নিভু করে জ্বলে, আবার কখনো পুরো দিনই গ্যাস থাকে না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গৃহিণী, শিশু ও বয়স্করা।

পৌরসভার এক বাসিন্দা ও স্কুলশিক্ষক জানান, “আমরা দুজনেই সকালে স্কুলে যাই। গ্যাস না থাকায় প্রায়ই নাস্তা করতে পারি না। রাতে রান্না করা ঠান্ডা খাবার নিয়েই দুপুর পার করতে হয়। বাধ্য হয়ে লাইনের গ্যাস থাকা সত্ত্বেও সিলিন্ডার কিনতে হচ্ছে, যা অনেক ব্যয়সাপেক্ষ।”

স্থানীয়রা জানান, দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। অনেকেই ছাদে বা উঠানে মাটির চুলা ব্যবহার করে কাঠ-খড়ি জ্বালিয়ে রান্না করছেন। অন্যদিকে, গ্যাস সংকটের কারণে হোটেল ও রেস্তোরাঁগুলোতেও চাপ বাড়ছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বসুরহাট অফিসের সহকারী প্রকৌশলী আমান উল্যাহ বলেন,
“বর্তমানে সারা দেশেই গ্যাস সংকট রয়েছে। ফেনী অঞ্চলের ট্রান্সমিশন লাইন থেকে চাপ কমে যাচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সরবরাহ স্বাভাবিক রাখতে।”

এদিকে স্থানীয়দের দাবি, সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। তাদের মতে, কোম্পানীগঞ্জের গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হওয়া গ্যাসের একটি অংশ স্থানীয়ভাবে সংযুক্ত করা গেলে সংকট অনেকটাই কমে আসবে। এলাকাবাসী আশা করছেন, স্থানীয় সংসদ সদস্য এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেবেন।