৩১ মার্চ, ২০২৬

সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পাম্পে তেল বিক্রি, মোটরসাইকেলের দীর্ঘ লাইন

সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পাম্পে তেল বিক্রি, মোটরসাইকেলের দীর্ঘ লাইন

খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালীর সেনবাগে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সোয়া চারটার দিকে ফেনী-নোয়াখালী ফোর লেন মহাসড়কের সেনবাগ উপজেলার 'রাস্তার মাথা' সংলগ্ন চৌধুরী ফিলিং স্টেশনে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, তেলের জন্য শত শত মোটরসাইকেল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করায় অনেক চালককে বিরক্ত ও অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ক্লান্তিতে চালকদের মাঝে চরম অস্বস্তি বিরাজ করছিল। ভিড়ের মধ্যে মাঝেমধ্যে অনেক চালক একসাথে হর্ন বাজাচ্ছিলেন, যা ওই এলাকায় এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। তবে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিশৃঙ্খলা ও অহেতুক হর্ন বাজানো বন্ধ হয়।

মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. কামাল হোসেন জানান: একাধিক 'ডিও'  করার পর সোমবার গভীর রাতে ডিপো থেকে সাড়ে চার হাজার লিটার পেট্রোল পাম্পে এসে পৌঁছায়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে তেল বিক্রি শুরু হয়। শৃঙ্খলা বজায় রাখতে প্রতি মোটরসাইকেলে সর্বোচ্চ ২০০ টাকার (দুই লিটারের কিছু কম) তেল নগদ মূল্যে বিক্রি করা হচ্ছে।

লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের হট্টগোলের কারণে প্রথমে থানা পুলিশের সহায়তা নেওয়া হয়। পরবর্তীতে বিকেল চারটা থেকে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেন।

ম্যানেজার আরও জানান, তাদের আরও একাধিক ডিও জমা দেওয়া আছে। ডিপো থেকে পুনরায় তেল সরবরাহ করা হলে তারা নিয়মিত বিক্রি অব্যাহত রাখতে পারবেন।