৩১ মার্চ, ২০২৬

নোয়াখালীতে হামের প্রাদুর্ভাব: হাসপাতালে ভর্তি ২১ জন

নোয়াখালীতে হামের প্রাদুর্ভাব: হাসপাতালে ভর্তি ২১ জন

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীতে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে অন্তত ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি, তবে বিভিন্ন বয়সী রোগীও রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় জ্বরের সঙ্গে শরীরে লালচে দানা বা র‍্যাশ নিয়ে রোগীরা হাসপাতালে আসতে শুরু করেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাদের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করেন। বর্তমানে আক্রান্তদের আলাদা আইসোলেশনে বিশেষ পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নোয়াখালীর তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, জানুয়ারি মাস থেকেই হামে আক্রান্ত রোগী আসতে শুরু করেছে। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রোগীর সংখ্যা খুব বেশি ছিল না; দুই মাসে গড়ে ২-৩ জন করে ভর্তি হয়েছেন। কিন্তু মার্চ মাসের শুরু থেকে হামে আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটা বেড়ে গেছে। এ পর্যন্ত ২১ জন রোগী ভর্তি হয়েছেন।

তিনি আরও জানান, "আমরা হামে আক্রান্ত রোগীদের আলাদা রাখার ব্যবস্থা করেছি। পাশাপাশি জেলা সিভিল সার্জনের সঙ্গে কথা বলে শিশুদের নিয়মিত টিকা কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।"