২৯ মার্চ, ২০২৬

কবিরহাটে নিখোঁজ ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

কবিরহাটে নিখোঁজ ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

কবিরহাট প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলার পূর্ব রাজুরগাঁও গ্রামের একটি ইটভাটার ডোবা থেকে নিখোঁজ এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের অফিস সংলগ্ন ডোবা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম মো. সোহেল রানা (২৪)। তিনি হাতিয়ার চানন্দী ইউনিয়নের অলি উদ্দিনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা ওই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয় লোকজন পূর্ব রাজুরগাঁও গ্রামের ওই ইটভাটা সংলগ্ন একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​নিহতের বাবা অলি উদ্দিন অভিযোগ করেন, গত শুক্রবার সকালে তার ছেলে ইটভাটায় কাজে যাননি। বিকেলে তার মামা কামাল ও সাইফুল মাঝির ভাই আলতাব তাকে জোরপূর্বক ইটভাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যার পর থেকেই সোহেল রানা নিখোঁজ ছিলেন।

​পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার সকালে মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা সেটি সোহেল রানার বলে শনাক্ত করেন।
​
​কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
​"প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।"