২৮ মার্চ, ২০২৬

কোম্পানীগঞ্জে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোহাম্মাদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

আদর্শ সমাজ গঠনে যোগ্য, দায়িত্বশীল ও নৈতিকতাসম্পন্ন কর্মী তৈরির প্রত্যয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে দিনব্যাপী ‘রুকন শিক্ষা শিবির–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৯টায় বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসা মিলনায়তনে এই কর্মসূচি সম্পন্ন হয়।

উপজেলা ও বসুরহাট পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও রুকন সদস্যরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী কার্যক্রমে কোরআনের দারস, সাংগঠনিক শৃঙ্খলা, সমাজকর্ম, দাওয়াতি কার্যক্রম এবং বর্তমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে কোম্পানীগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন: "আদর্শ সমাজ গঠনের পূর্বশর্ত হলো আদর্শ মানুষ তৈরি করা। আর এই লক্ষ্য অর্জনে শিক্ষা, প্রশিক্ষণ ও আদর্শিক চর্চার কোনো বিকল্প নেই। প্রতিটি রুকনকে সংগঠনের আদর্শ বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে হবে।"

দিনব্যাপী এই আয়োজনের সমাপনী অধিবেশনে বসুরহাট পৌরসভার আমীর মাওলানা মোশাররফ হোসাইন অর্জিত জ্ঞান ব্যক্তি ও সামাজিক জীবনে প্রয়োগের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

শিক্ষা শিবিরটি বাস্তবায়নে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ বেলায়েত হোসেন, সহকারী পরিচালক ছিলেন মাওলানা মোশাররফ হোসাইন এবং ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মিজানুর রহমান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মীদের দক্ষতা ও আদর্শিক মান উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।