নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৯ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ‘মা-মনি নিবাস’ ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের পাটোয়ারী বাড়ির বাসিন্দা মো. মাহফুজুর রহমান সাকিব (৩০), চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার হৃদয় সাহা (৩২) ও শিপন চন্দ্র ঘোষ (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাহফুজুর রহমান সাকিবের শয়নকক্ষে অভিযান চালিয়ে তাঁদের ৩৯ বোতল বিদেশি মদসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।