নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বেসরকারি বিল সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শাহজাহান বলেছেন, "বিশ্বের বহু দেশে খেলোয়াড়দের জনপ্রিয়তা একজন রাজনৈতিক নেতার চেয়েও অনেক বেশি।
কারণ খেলোয়াড়দের কোনো নির্দিষ্ট দল নেই, সবাই তাদের ভালোবাসে। রাজনীতিতে মতপার্থক্যের কারণে অনেকে হৃদয়ে ভালোবাসা থাকলেও মুখে তা প্রকাশ করতে চান না।"
শুক্রবার সকাল ৯টায় থেকে শুরু হয়ে বিকালে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ক্রিকেট লীগের (২০২৪-২৫) ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলার মোট ৭টি দল অংশগ্রহণ করে। ফাইনালে মুখোমুখি হয় বেগমগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা এবং মাইজদী তরুণ সংঘ।
ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তরুণ সংঘ। তারা নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে।
২৩৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেগমগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ১৮১ রানেই অলআউট হয়ে যায়। ফলে মাইজদী তরুণ সংঘ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জেলা ক্রিকেট লীগের আহ্বায়ক তাউছ মোঃ বেনী আমিনের পৃষ্ঠপোষকতায় এবং নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. শাহজাহান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ প্রমুখ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল মাইজদী তরুণ সংঘকে ট্রফি ও নগদ ৬০ হাজার টাকা এবং রানার্সআপ দল বেগমগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে ট্রফি ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আবদুল্লাহ রিজু 'ম্যান অব দ্য ফাইনাল' এবং পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলার জন্য মাকসুদুর রহমান তন্ময় 'ম্যান অব দ্য টুর্নামেন্ট' নির্বাচিত হন।
মো. শাহজাহান আরও বলেন, "ক্রিকেটে যারা খুব ভালো করছে, তারা রাজনৈতিক কারণে অনেকে এখন সমস্যার মধ্যে আছে। তাই খেলাধুলাকে রাজনীতিকরণ না করে একে জাতীয় সম্পদ মনে করতে হবে।
একজন খেলোয়াড় মানেই সম্পদ। নিজের দেশকে অন্যের কাছে তুলে ধরার যতগুলো মাধ্যম আছে, তার মধ্যে সবথেকে শক্তিশালী মাধ্যম হলো খেলাধুলা। বাংলাদেশেও এমন খেলোয়াড় তৈরি হবে যারা দেশের 'ব্র্যান্ড' হয়ে উঠবে।"
তিনি আরও বলেন, "আমরা মেসিকে চিনি, তার বাড়ি কোথায় আমাদের বাচ্চারাও তা জানে। কারণ সে ভালো খেলোয়াড়। আমরা বিশ্বের নামকরা ক্রিকেটারদের নাম জানি তাদের খেলার গুণেই।
আমাদের যে জনশক্তি ও প্রতিভা আছে, তাকে যদি সঠিক প্রশিক্ষণের মাধ্যমে মাঠে নিয়ে আসতে পারি, তবে একদিন সারা পৃথিবী বাংলাদেশকেও খেলার কারণে চিনবে।"
আয়োজকরা জানান, দীর্ঘ এক যুগ পর এই লীগের সফল আয়োজন স্থানীয় খেলোয়াড়দের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
প্রতি বছর এই ধারা অব্যাহত রাখতে পারলে তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রিকেটার উঠে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।