নিজস্ব প্রতিনিধি:
উপহার হিসেবে সাধারণত ফুল, ক্রেস্ট বা শৌখিন সামগ্রীই দেখা যায়। কিন্তু বর্তমান সময়ের জ্বালানি সংকটের বাস্তবতাকে ফুটিয়ে তুলতে নোয়াখালীর সুবর্ণচরে দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র।
বন্ধুকে বিয়েতে মূল্যবান উপহার হিসেবে এক বোতল ‘অকটেন’ দিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তার বন্ধুরা।
বুধবার (২৫ মার্চ) রাতে সুবর্ণচর উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালাম ব্যাপারীর বড় ছেলে ফরহাদের গায়ে হলুদের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
বর্তমানে দেশজুড়ে জ্বালানি তেলের, বিশেষ করে অকটেনের তীব্র সংকট চলছে। পাম্পগুলোতে দীর্ঘ লাইন দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। যান্ত্রিক জীবনের চাকা সচল রাখা যখন দুরূহ হয়ে পড়েছে, তখন ফরহাদের বন্ধুরা সিদ্ধান্ত নেন গতানুগতিক উপহারের বাইরে গিয়ে বাস্তবধর্মী কিছু করার। সেই ভাবনা থেকেই তারা উপহার হিসেবে বেছে নেন এক বোতল স্বচ্ছ অকটেন।
অনুষ্ঠানের একটি ছবিতে দেখা যায়, হলুদের মঞ্চে এক বোতল অকটেন হাতে নিয়ে বরের সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন বন্ধুরা।
ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই একে ‘সময়োপযোগী ও সৃজনশীল’ উপহার বলে প্রশংসা করছেন।
উপহার দেওয়া বন্ধুদের একজন সোহেল বলেন, "এখনকার সময়ে জ্বালানি তেলই সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। পাম্পে তেলের জন্য যেখানে রীতিমতো যুদ্ধ চলছে, সেখানে এমন উপহার বর্তমান সংকটের একটি নীরব প্রতিবাদও বটে।" তারা আরও জানান, বিয়ের পর বর-কনে যাতে যাতায়াতে কোনো সমস্যায় না পড়েন, সেই চিন্তা থেকেই এই প্রতীকী উপহার।
ব্যতিক্রমী এই উপহার পেয়ে উচ্ছ্বসিত বর ফরহাদ। তিনি বলেন, "অনেক উপহারের মাঝে এটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই সংকটময় মুহূর্তে বন্ধুদের এমন ভালোবাসা ও দূরদর্শিতায় আমি অভিভূত।"
বরের বাবা কালাম ব্যাপারী বলেন, "বন্ধুরা যা দিয়েছে, তা এখন ‘সোনার হরিণে’ পরিণত হয়েছে। কারণ, বাজারে এখন টাকা দিয়েও অকটেন পাওয়া যাচ্ছে না।"
সুবর্ণচরের এই ঘটনাটি সাধারণ মানুষের কাছে হাস্যরসের খোরাক জোগানোর পাশাপাশি দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির এক জীবন্ত দলিল হিসেবে স্থান করে নিয়েছে।