হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের একটি চৌকস আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া থানাধীন আফাজিয়া বাজার এবং হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন মাদক কেনাবেচার সাথে জড়িত থাকার অপরাধে দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন হাতিয়া থানার আজিমপুর ৮ নং ওয়ার্ডের অলি উল্ল্যাহর ছেলে মোঃ কামাল উদ্দিন (৩৯) এবং একই উপজেলার ভুয়ার চর ০৬ নং ওয়ার্ডের আলমগীর হোসেনের ছেলে মো: জাহাঙ্গীর আলম (৪৩)।
এ সময় তাদের তল্লাশি করে আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জব্দকৃত গাঁজা এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, তরুণ প্রজন্মকে মাদকের মরণব্যাধি থেকে রক্ষা করতে এবং উপকূলীয় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোস্ট গার্ডের এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।