নুর আলাম বিপ্লব ও নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় গত দুদিনে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুদের মধ্যে ১৮ মাস ও দুই বছর বয়সী দুই শিশু এবং ১৩ বছরের এক কিশোর রয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের আকু চৌকিদার বাড়িতে পানিতে ডুবে মারা যায় আনাফ নামে ১৮ মাস বয়সী এক শিশু। সে ওই বাড়ির মোহাম্মদ সুমনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির আঙিনায় খেলার সময় সবার অলক্ষ্যে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ও মুছাপুর ইউনিয়নে আরও দুই শিশুর মৃত্যু হয়। সিয়াম (১৩) চরপার্বতী ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। সকালে বন্ধুদের সঙ্গে মসজিদের পুকুরে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। ওয়ালিদ (২) মুছাপুর ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে। পরিবারের অগোচরে খেলাধুলা করার সময় সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
উভয় শিশুকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইউসুফ তাদের মৃত ঘোষণা করেন।
স্বল্প সময়ের ব্যবধানে জেলায় তিন শিশুর এমন অকাল মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও সচেতন মহল শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।