২৫ মার্চ, ২০২৬

ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত নোবিপ্রবি

ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত নোবিপ্রবি

​নিজন্ব প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে।

​মঙ্গলবার দুপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে ভর্তি পরীক্ষা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল জানান, সকল পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

এ বছর 'সি' ইউনিটের পরীক্ষা ২৭ মার্চ ২০২৬, শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণ করবেন ২ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থী।

'বি' ইউনিটের পরীক্ষা ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার একই সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৬৪৪ জন।

​এছাড়া 'এ' ইউনিটের পরীক্ষা ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১০ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

এ বছর মোট ২০টি বিশ্ববিদ্যালয়ের জিএসটি (GST) গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

​পরীক্ষার দিন পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চৌমুহনী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা, যানজট নিরসন, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্সসহ বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরা হয়।

​মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজাওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হানিফ এবং রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোসেন চৌধুরী প্রমুখ।