মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জেরে রাজু (২২) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রাজু উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আটঘরিয়া মরিচ ব্যাপারী বাড়ির বাসিন্দা এবং জেবল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে পারিবারিক কলহের জেরে রাজু বিষ পান করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
পরে জেলা সদর হাসপাতালেও তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।