নিজস্ব প্রতিনিধি :
বিএনপি ভাইস চেয়ারম্যান ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকত উল্লাহ বুলু বলেন,
ঈদুল ফিতর উপলক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোটি কোটি ভক্ত, দর্শক, শুভানুধ্যায়ী এবং ক্লাবের সাথে সংশ্লিষ্ট সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, "মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব। ৯০ বছর আগে কলকাতা থেকে এই ক্লাবের যাত্রা শুরু হয়। এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলোর মধ্যে সাদা-কালো জার্সির এই ক্লাবটি অন্যতম।"
আজ দুপুরে (২১ মার্চ ২০২৬) নিজ জন্মভূমি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের মজিদপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, "আমরা মনে করি বিগত ১৭ বছর ক্রীড়াঙ্গনকে একদলীয় ব্যবস্থাপনার অধীনে নিয়ে আসা হয়েছিল।
শুধুমাত্র একটি ক্লাবকে চ্যাম্পিয়ন করার জন্য অবৈধভাবে রেফারি ও খেলোয়াড় কিনে ফায়দা নেওয়া হয়েছে। এমনকি ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্লাবে জুয়া খেলার ব্যবস্থা করা হয়েছিল। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের দলীয় প্রভাবমুক্ত একটি ক্রীড়াঙ্গন গড়তে হবে।"
শহীদ জিয়ার স্বপ্ন এবং বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তা স্মরণ করে তিনি আরও বলেন, "বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন কর্নেল মোস্তাফিজুর রহমান ও আরাফাত রহমান কোকো।
আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একজন খেলোয়াড়; তিনি মাঠে ক্রিকেট ও ফুটবল খেলতেন। এমনকি উনার মেয়ে জাইমা রহমানও একজন ভালো ফুটবলার ও গোলকিপার। জিয়া পরিবার সরাসরি ক্রীড়াঙ্গনের সাথে জড়িত। যেহেতু তিনি এখন নেতৃত্বে আছেন, তাই তিনি ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেবেন এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশের হারানো গৌরব ফিরিয়ে আনবেন।"