নিজস্ব প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ আলু ও পাচারকাজে ব্যবহৃত দুটি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার অধীনস্থ নোয়াখালীর হাতিয়া থানার চর আতাউর সংলগ্ন মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত দুটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দেখা যায়, বোট দুটিতে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ আলু মিয়ানমারে পাচারের জন্য বহন করা হচ্ছে।
এ সময় প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৭৬০ বস্তা আলু জব্দ করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত ২টি ফিশিং বোটও আটক করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত আলু ও পাচারকাজে ব্যবহৃত বোটগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সুজন আরও বলেন, দেশের উপকূলীয় অঞ্চল ও নদ-নদীতে পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।