নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে নোয়াখালীতে মাঠে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
ট্রেন স্টেশন, বাসস্ট্যান্ড ও মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সেনাবাহিনী ও যৌথ বাহিনী নিয়মিত তল্লাশি কার্যক্রম, যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) নোয়াখালী জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের এসব কার্যক্রম দেখা যায়।
আইনশৃঙ্খলা কার্যক্রম স্বাভাবিক রাখার লক্ষ্যে দিনে ও রাতে বিভিন্ন স্থানে টহল পরিচালনা, স্পর্শকাতর স্থানসমূহে চেকপয়েন্ট স্থাপন এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নোয়াখালী সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মোঃ আতিকুর রহমান জানান, পবিত্র ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী নিরাপদ ও আনন্দঘন ঈদ উদযাপনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।