মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
পবিত্র রমজান মাসের মর্যাদা ও তাৎপর্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন এই আয়োজনে অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ মার্চ) বিকেলে বসুরহাট শহরের গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কর্মরত গণমাধ্যমে কর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময়ে মিলিত হন জাহিদুর রহমান রাজন। এ সময় তিনি নিজের রাজনৈতিক ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন।
রাজন জানান, ছাত্ররাজনীতির মাধ্যমেই তার রাজনৈতিক পথচলা। তিনি কোম্পানীগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং পরবর্তীতে উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেন। দীর্ঘ দিনের এই রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমানে তিনি উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
আগামী দুইটি পৌরসভা নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি জনগণের সেবায় আগ্রহী। সামনে নির্বাচনী পরিবেশ তৈরি হচ্ছে। সময়, পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের আলোকে আমি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।" তিনি আরও জানান, মেয়র পদে নির্বাচন করবেন নাকি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবেন—তা জনগণের মতামত ও দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক রাফেল, পৌর যুবদলের সদস্য সচিব মাজহারুল হক তৌহিদ, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শুভ, বসুরহাট পৌরসভার সদস্য অ্যাডভোকেট কাওসার, এবং স্থানীয় যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।