১৩ মার্চ, ২০২৬

শেখ হাসিনার সৌজন্যে ঈদ সামগ্রী বিতরণ

শেখ হাসিনার সৌজন্যে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ব্যানার টাঙিয়ে ঈদ সামগ্রী বিতরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে এই কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে আন্ডারচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইমান আলী বাড়িতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বাড়িটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রবের। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে সমবেত হন।

আব্দুর রবের ছোট ভাই মো. জামালের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় নেতাকর্মীদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এভাবে প্রকাশ্যে কর্মসূচি পালন করায় স্থানীয় জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে। আন্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আরাফাত জানান, "নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীরা এভাবে প্রকাশ্যে জড়ো হয়ে ব্যানার টাঙিয়ে কর্মসূচি পালন করায় এলাকায় জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বিষয়টি নিয়ে আতঙ্কিত ও ক্ষুব্ধ।"

বিষয়টি নিয়ে মন্তব্য জানতে আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল ওয়াদুদ মাঝির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। অন্যদিকে, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী জানান যে, তিনি এই কর্মসূচির বিষয়ে কিছুই জানেন না।

অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রব এবং তার ভাই মো. জামালের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এখনও পর্যন্ত এ ধরনের কোনো সংবাদ পুলিশের কাছে পৌঁছায়নি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।