১২ মার্চ, ২০২৬

ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া

ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার করালিয়া ৩ নম্বর ওয়ার্ডে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সামাজিক সংগঠন ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতা-কর্মীর সহযোগিতায় এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে করালিয়া বাইপাস সড়কে খোলা আকাশের নিচে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় মুসল্লি, পথচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এতে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কচি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুরহাট পৌরসভা যুবদলের সভাপতি রাফেল। সার্বিক সহযোগিতায় ছিলেন নোয়াখালী জেলা শ্রমিকদলের সদস্য মোহাম্মদ আলী খান স্বপন।

ইফতার মাহফিলের আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শ্রমিকদল নেতা মোহাম্মদ আলী খান স্বপন, গোলাম মাওলা ও পিংকু মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন, সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর উদ্দিন এবং সাবেক ছাত্রনেতা বাস খোকন।

আলোচনা পর্বে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, ফজিলত ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজানের শিক্ষা কেবল ব্যক্তিগত ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা সমাজে মানবিকতা, সহমর্মিতা ও নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরও বলেন, বসুরহাট পৌরসভার করালিয়া ৩ নম্বর ওয়ার্ডে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে সকলকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।