১১ মার্চ, ২০২৬

চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হানিফ।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের শিক্ষা, ইসলামী আদর্শ এবং সমাজ গঠনে ইসলামী আন্দোলনের গুরুত্বের ওপর আলোকপাত করেন। প্রধান অতিথি অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, "ইসলামী আন্দোলন কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং এটি মানবকল্যাণ, ন্যায়বিচার, নৈতিকতা ও আল্লাহভীতির ভিত্তিতে সমাজ বিনির্মাণের এক মহান সংগ্রাম।"

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অধ্যয়ন, আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞানচর্চা, শৃঙ্খলা ও আদর্শিক দৃঢ়তার মাধ্যমে একজন কর্মী সমাজে ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হতে পারে।

বিশেষ অতিথি কাজী হানিফ তার বক্তব্যে বলেন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছাড়া কোনো সমাজ টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। তাই ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষাকে সমাজে প্রতিষ্ঠিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত নেতাকর্মীরা রমজানের আত্মশুদ্ধির শিক্ষাকে ধারণ করে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।