মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি তার বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় দলীয় নেতাকর্মীদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ইফতার মাহফিলে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।