মোহাম্মদ উল্যা,কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) চিকিৎসকদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় গ্রামীণ স্বাস্থ্যসেবায় অবদান রাখা ডিপ্লোমা চিকিৎসকদের প্রতি বৈষম্য দূর করা এবং সরকারি চাকরির নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়।
রোববার (৮ মার্চ) বিকেলে বসুরহাট বাজারের গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে কর্মরত সাংবাদিকদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল অফিসার মো. আবু নাছের। সার্বিক সহযোগিতা করেন মেডিকেল অফিসার কাওছার। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এম. এ. হাতেম খান, সভাপতি, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ), নোয়াখালী জেলা শাখা।
আকতার উদ্দিন, সাধারণ সম্পাদক, বিডিএমএ, নোয়াখালী জেলা শাখা। এ ছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা চিকিৎসকরা অনুষ্ঠানে তাদের মতামত ব্যক্ত করেন।
বক্তারা বলেন, গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদার করতে ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) চালু করা হয়। এসব প্রতিষ্ঠানে চার বছরের ডিপ্লোমা কোর্স ও ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) ডিগ্রিধারী চিকিৎসক তৈরি করা হয়।
বর্তমানে এসব ডিপ্লোমা চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) হিসেবে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত রয়েছেন। তারা প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান, জরুরি চিকিৎসা, সাধারণ রোগ নির্ণয় ও চিকিৎসা, টিকাদান কর্মসূচি এবং জনস্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।