৭ মার্চ, ২০২৬

বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার

বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: 
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন বেগমগঞ্জের ১নং আমানউল্যাপুর ইউনিয়নের একই ওয়ার্ডের বাসিন্দা মো. ফরহাদ ইসলাম ফাহিম (২০) ও তাজুল ইসলাম সুমন (৩৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম ওয়ারেন্ট তামিল ও মাদক-অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়। অভিযানের সময় আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড়ে সেলিমের চায়ের দোকানের সামনে তিন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে ধাওয়া করে পুলিশ। এ সময় দুইজন ধরা পড়লেও একজন পালিয়ে যায়।

আটককৃতদের দেহ তল্লাশি করে আসামি ফরহাদ ইসলাম ফাহিমের কাছ থেকে একটি লোহার তৈরি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, আসামিরা এলাকায় আধিপত্য বিস্তার এবং অবৈধ অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। এ ঘটনায় এসআই মো. নুরুজ্জামান বাদী হয়ে অস্ত্র আইনে (The Arms Act, ১৮৭৮ এর 19A ও 19F ধারা) একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-১৩)।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে তাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।