৭ মার্চ, ২০২৬

নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল

নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের মা রিজিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, রিজিয়া বেগম বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা শেষে আজ রাত ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এ ছাড়া নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য মাহমুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।