৫ মার্চ, ২০২৬

সেনবাগ আল-জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় ইসলাহি মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

সেনবাগ আল-জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় ইসলাহি মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

খোরশেদ আলম,  সেনবাগ
নোয়াখালীর সেনবাগ আল-জাহিদ ইসলামিয়া কমপ্লেক্স কর্তৃক পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে এক ইসলাহি মাহফিল ও হাফেজ ছাত্রদের সম্মাননা স্বরূপ পাগড়ি প্রদান অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কমপ্লেক্সের পরিচালক, শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। 

প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন প্রখ্যাত আলেমে দ্বীন মুফতী আল-আমিন খান, খতিব, লালকুটি বড় মসজিদ; উপস্থাপক— বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলা, একুশে টিভি, আর টিভি ও দেশ টিভি।
তিনি রমজানের ফজিলত, তাকওয়া অর্জনের গুরুত্ব এবং ব্যক্তি ও সমাজ জীবনে কুরআনের শিক্ষার বাস্তব প্রয়োগ বিষয়ে হৃদয়গ্রাহী আলোচনা পেশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা জাহিদুল ইসলাম, চেয়ারম্যান, আল জাহিদ ইসলামিয়া কমপ্লেক্স। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বোরহান সা'দী। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমজান হলো আত্মসংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাসে কুরআনের আলোকে জীবন গঠন এবং নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে ব্যক্তি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি হাফেজ ছাত্রদের উদ্দেশ্যে বলেন, কুরআনের হেফাজত এক মহান আমানত; এর শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের পাশাপাশি সমাজে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কমপ্লেক্সের কৃতী হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান। কুরআনে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত অভিভাবকরা আবেগাপ্লুত পরিবেশে তাদের সন্তানদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও দ্বীনি শিক্ষা ও নৈতিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।