মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও ফেনীর সোনাগাজী উপজেলার নদীভাঙন কবলিত মানুষের বসতভিটা ও কৃষিজমি রক্ষার লক্ষ্যে ধসে যাওয়া মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম-এর আমন্ত্রণে আগামী ১০ মার্চ (মঙ্গলবার) প্রকল্প এলাকা পরিদর্শনে আসছেন সরকারের দুই মন্ত্রী।

আজ ৩ মার্চ (মঙ্গলবার) সচিবালয়ে সংসদ সদস্য ফখরুল ইসলাম গুরুত্বপূর্ণ বৈঠক করেন সরকারের দুই মন্ত্রীর সাথে।
এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি-র নিকট মুছাপুর রেগুলেটরের গুরুত্ব তুলে ধরেন। তাঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে মন্ত্রীদ্বয় আগামী ১০ মার্চ এলাকাটি সরেজমিনে পরিদর্শনের সদয় সম্মতি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জুবায়ের ইসলাম ফারুকী।
আগামী ১০ মার্চ (মঙ্গলবার) সকাল ১০টায় মুছাপুর রেগুলেটর সংলগ্ন স্থানে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত হয়ে নদীভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
এই সফরকে কেন্দ্র করে সংসদ সদস্য ফখরুল ইসলাম আগামী ১০ মার্চ সকাল ১০টায় মুছাপুর রেগুলেটর এলাকায় এলাকার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। রেগুলেটরটি পুনরায় নির্মিত হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
জিকেরাহাত/ডেস্ক