২৪ ফেব্রুয়ারি, ২০২৬

প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নোয়াখালী জেলা কমিটি ঘোষণা

প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নোয়াখালী জেলা কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:
​বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

 সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক স্মারকের মাধ্যমে এ কমিটি অনুমোদন প্রদান করা হয়।

​অনুমোদিত কমিটিতে মোঃ সহিদুল ইসলাম (সাঈদ) আহ্বায়ক এবং মোঃ মিজানুর রহমান সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট ইমাম হোসেন (স্বপন), মোঃ মহিউদ্দিন সোহাগ ও মোঃ ফিরোজ মাহমুদ।

​কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উল্লেখ করা হয়, নোয়াখালী জেলায় অবস্থিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের মধ্যে যেসব প্রতিষ্ঠান এখনও বিপিএইচসিডিএ-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়নি, তাদের সদস্যভুক্ত করা এবং পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়ন কার্যক্রম তদারকি ও ত্বরান্বিত করাই এ কমিটির মূল দায়িত্ব। 

আগামী ১৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

​বিপিএইচসিডিএ-এর সিইও ড. মোঃ আলী আকবর (অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​নবনিযুক্ত সদস্য সচিব মোঃ মিজানুর রহমান বলেন, “নোয়াখালী জেলার বেসরকারি স্বাস্থ্যসেবা খাতকে সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। 

সকল হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সংগঠনের ছায়াতলে আনার উদ্যোগ নেওয়া হবে।”

​স্বাস্থ্যসেবা প্রত্যাশীরা এই কমিটি গঠনের মাধ্যমে নোয়াখালী জেলার বেসরকারি স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।