৮ ফেব্রুয়ারি, ২০২৬

নোয়াখালীতে মহিলা জামায়াতের সমাবেশ ও স্মারকলিপি প্রদান 

নোয়াখালীতে মহিলা জামায়াতের সমাবেশ ও স্মারকলিপি প্রদান 

নিজস্ব প্রতিনিধি:
​কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে নারী হেনস্তার প্রতিবাদ ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নোয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ মহিলা জামায়াতের নোয়াখালী জেলা শাখা। 

​আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন মহিলা জামায়াতের একটি প্রতিনিধি দল। 

মহিলা জামায়াতের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন। 

​স্মারকলিপি প্রদান পরবর্তী সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর কর্মপরিষদ সদস্য হালিমা খাতুন অশ্রুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি নাজনীন আক্তার, জেলা কর্মপরিষদ সদস্য রেহানা বিনতে আলী,  শহর কর্মপরিষদ সদস্য জান্নাতুল মাওয়া।


​সমাবেশে বক্তারা সারাদেশে নারীদের প্রতি ক্রমবর্ধমান হেনস্থা ও সহিংসতার তীব্র নিন্দা জানান। জেলা সেক্রেটারি নাজনীন আক্তার বলেন, "একটি দল দেশব্যাপী নারীদের ওপর যে সহিংস পরিস্থিতি তৈরি করছে এবং বিভিন্ন জায়গায় জামায়াতপন্থী নারীদের হেনস্থা ও নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়।" 

​তিনি আরও উল্লেখ করেন যে, জামায়াতে অসংখ্য কর্মজীবী নারী রয়েছেন এবং দল ক্ষমতায় গেলে নারী উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। যারা নারীদের অধিকার হরণ করতে চায়, তারাই কর্মজীবী নারীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন।
​
​সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নোয়াখালী জেলা স্কুলের সামনে এসে মিছিলটি শেষ হয়।