৮ ফেব্রুয়ারি, ২০২৬

চূড়ান্ত ফলাফল ১২ তারিখে দেখতে পাবে- জিএস এস.এম. ফরহাদ

চূড়ান্ত ফলাফল ১২ তারিখে দেখতে পাবে- জিএস এস.এম. ফরহাদ

নিজস্ব প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) জিএস এস.এম. ফরহাদ বলেন "যে বিজয় ডাকসুতে শুরু হয়ে জকসুতে এসে থেমেছে, তারা ভয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন বন্ধ করে দিয়েছে। সেই ভয়ের চূড়ান্ত ফলাফল তারা ইনশাআল্লাহ ১২ তারিখে দেখতে পাবে; আর এই ১২ তারিখ হবে দাঁড়িপাল্লার বিজয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ডিগ্রি কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সুবর্ণচর উপজেলার জামায়াতের উদ্যোগে জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, আমরা যা-ই করি না কেন, বারবার নিজেদের করণীয় ভুলে যাই। ৯০-পরবর্তী সময়ে আমরা ভুল পথে হেঁটেছি, ৭৫-এর পরেও ভুল পথে হেঁটেছি; আজ ২৪-এর পরেও যদি আমরা ভুল পথে হাঁটি, তবে বাংলাদেশ আবারও দীর্ঘসময়ের জন্য দুর্নীতিবাজদের কবলে পড়ে যাবে। সুতরাং, আমাদের দায়িত্ব দুটি, প্রথমত, আপনি নিজে ভোট দিতে আসবেন এবং ভোট দেবেন। দ্বিতীয়ত, আপনার পরিচিত মহলে একটি বার্তা পৌঁছে দেবেন। বার্তাটি হলো—টিআইবি (TIB)-এর রিপোর্ট অনুযায়ী, দেশের মোট মারামারির ৯১ শতাংশই করেছে একটি নির্দিষ্ট দল। শুধুমাত্র চাঁদাবাজি, লুটপাট আর ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে গত দেড় বছরে (৩১ জানুয়ারি পর্যন্ত) তারা ২৭৩ জন মানুষকে হত্যা করেছে। এই দলকে আমরা আর ক্ষমতায় আসতে দিতে চাই না। এই বার্তাটি যদি আমরা প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দিতে পারি, তবেই আমরা সফল হবো।"

ফরহাদ আরো বলেন, "শোনা যাচ্ছে বিএনপি নাকি ভোটকেন্দ্র দখল করতে চায়। কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানের জাগ্রত জনতা কাউকে আর কেন্দ্র দখল করতে দেবে না। যে জুলাই বিপ্লবে যুবকরা বুকের রক্ত দিয়ে বুলেট নিয়েছে, সেই তরুণরা বেঁচে থাকতে কোনো অপশক্তিকে কেন্দ্র দখলের সুযোগ দেবে না।"

জনসভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর সাবেক জিএস সাইদ বিন হাবিব। তিনি তারেক রহমানের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "তারা নিজেরাই জানে না ফ্যামিলি কার্ড কী? এর কোনো বিস্তারিত রূপরেখা তারা দিতে পারেনি। আসলে বিএনপি আবারও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় এবং তারা সারাদেশে অস্ত্রবাজি শুরু করেছে।" তিনি সদর-সুবর্ণচরকে চাঁদাবাজমুক্ত করতে ১২ তারিখের নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার। তিনি বলেন, "সুবর্ণচরের মানুষকে শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা দিতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।" উন্নয়নের সুষম বণ্টন এবং ইনসাফ কায়েমে তিনি ভোটারদের সমর্থন কামনা করেন।

সুবর্ণচর উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।