নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারে শিক্ষাসফরে গিয়ে প্রেমিকের হাত ধরে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে প্রেমিকের বাড়িতে উঠেছেন (১৫) বছরের এক স্কুল শিক্ষার্থী। এই ঘটনায় শিক্ষার্থী হারিয়ে চরম চাপের মুখে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা।
স্কুল কর্তৃপক্ষ, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী পূজা রাণী দাস সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে শিক্ষাসফরে কক্সবাজার যায়। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। তাকে খুঁজে না পেয়ে কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে স্কুল কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় সফরসঙ্গীরা তাকে রেখেই এলাকায় ফিরে আসেন। এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকরা এলাকায় এসে চরম জবাবদিহিতা ও চাপের মুখে পড়েন।
নিখোঁজের চার দিন পর গতকাল বিকেলে (৬ ফেব্রুয়ারি) নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার এলাকায় প্রেমিক জিহাদের বাড়ি থেকে তাকে উদ্ধার করেন নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুমন।
প্রেমিক জিহাদ হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার এলাকার মিলনের ছেলে। জিহাদ কাজের সূত্রে আগে চট্টগ্রামে অবস্থান করতেন। সেই সুবাদে পূজা রাণী দাসের সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পূজা রাণী দাস মিরসরাই উপজেলার পূর্ব মায়ানী এলাকার অপু দাসের মেয়ে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম জানান, নিঝুম দ্বীপের রাস্তার মাথা এলাকা থেকে ওই শিক্ষার্থীর সন্ধান পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে তাকে থানা হেফাজতে রাখা হয়। গতকাল উদ্ধার হওয়া শিক্ষার্থীকে শিক্ষকদের উপস্থিতিতে পরিবারের সদস্যদের জিম্মায় দেওয়া হয়েছে। যেহেতু কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, তাই তারা বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।