৮ ফেব্রুয়ারি, ২০২৬

সুবর্ণচরে তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত ফারুক আটক, রাজনৈতিক পরিচয় নিয়ে ধূম্রজাল

সুবর্ণচরে তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত ফারুক আটক, রাজনৈতিক পরিচয় নিয়ে ধূম্রজাল

নিজস্ব প্রতিনিধি: 
নোয়াখালীর সুবর্ণচরের চরওয়াপদা ইউনিয়নে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ওমর ফারুক ওরফে ফারুক ড্রাইভারকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে চরজব্বার থানা পুলিশ তাকে আটক করে। এদিকে অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল; বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ।

ভিকটিমের মা জানান, ফারুক ড্রাইভার বিভিন্ন সময় ভোটের কথা বলে তাদের বাড়িতে আসতেন। এরই সুযোগ নিয়ে তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে এবং ভিকটিম নিজে ঘটনার সত্যতা স্বীকার করলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। অভিযোগ পেয়ে চরজব্বার থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুককে আটক করে।

ফারুক ড্রাইভারের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চরওয়াপদা ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আলা উদ্দিনের দাবি, ফারুক দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং দলের বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণের ভিডিও প্রমাণ রয়েছে। সাধারণ মানুষ হিসেবে জামায়াত নেতাদের সাথে তার যোগাযোগ থাকতে পারে, তবে তিনি দলের কোনো স্তরের কর্মী নন।

অন্যদিকে, স্থানীয় বিএনপি সভাপতি নুর উদ্দিনের দাবি ভিন্ন। তিনি স্বীকার করেন ফারুক একসময় বিএনপি করতেন, কিন্তু নির্বাচনের সময় থেকে তিনি জামায়াতের (দাঁড়িপাল্লা প্রতীক) পক্ষে কাজ করছেন এবং বর্তমানে তিনি জামায়াতেরই কর্মী। তবে উভয় দলের নেতারাই ব্যক্তিগতভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ওমর ফারুককে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে। তবে অভিযুক্তের কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় পুলিশের প্রাথমিক তদন্তে এখনো নিশ্চিত হওয়া যায়নি।