৫ ফেব্রুয়ারি, ২০২৬

ধানের শীষের প্রচারণায় জিসাস নেতারা এখন নোয়াখালীতে

ধানের শীষের প্রচারণায় জিসাস নেতারা এখন নোয়াখালীতে

নোয়াখালী প্রতিনিধি

ধানের শীষের পক্ষে প্রচারণায় নোয়াখালীতে গেছেন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) নেতারা। বুধবার (৪ ফেব্রুয়ারি) সংগঠনের সহ-সভাপতি কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের নেতৃত্বে নোয়াখালী-৫ আসনে প্রচারণা চলান নেতৃবৃন্দ।

দুপুর ১২টায় জিসাসের দলটি কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা, চরকাঁকড়া, মুছাপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তাদেরকে দেখতে শত শত নারী-পুুরুষ ভীড় করে।

কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার বলেন, শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি এ দেশের খেটেখাওয়া মানুষের জন্য কাজ করে। এ দলের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। বর্তমান চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষকে উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন।

তিনি বলেন, আমরা জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) পক্ষে থেকে বিভিন্ন এলাকায় যাচ্ছি। আজ নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থী মো. ফখরুল ইসলামের জন্য ধানের শীষে ভোট চেয়েছি। দেখে মনে হচ্ছে মানুষ এবার দেশবিরোধীদের বিপরীতে ধানের শীষে ভোট দিতে প্রস্তুতি নিচ্ছে।

জিসাসের সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জের বাসিন্দা হারুনুর রশীদ খাঁন শিমুর তত্ত্বাবধানে এ প্রচারণায় ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি ও কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কৌতুক অভিনেতা শামীম, নায়ক হৃদয় প্রমুখ।